মেক্সিকোতে মাদক সম্রাটের মৃত্যুতে সহিংসতায় ২৫ ন্যাশনাল গার্ড নিহত

অনলাইন ডেস্ক

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস (ছদ্মনাম ‘এল মেনচো’) নিহত হওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এতে করে দেশটির ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টি রাজ্যেই সহিংসতা শুরু হয়েছে। চলমান সহিংসতায় নিহত হয়েছে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার জালিস্কোর তাপালপা শহরে অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। গ্রেপ্তারের পর রাজধানী মেক্সিকো সিটি-তে নেওয়ার পথে সাভাতেসের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। গুরুতর আহত সাভাতেস পরে মারা যান বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুখ্যাত এই মাদক কারবারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোজুড়ে চরম অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির পশ্চিমাঞ্চলে ২ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে মোতায়েন করা হয়েছে মোট ৯ হাজার ৫০০ সেনা। সূত্র: সিভিসি নিউজ, নিউ ইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights