ভালুকায় আবাসিক ভবনে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভালুকা উপজেলা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

স্বাগত বক্তব্যে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল ইসলাম বলেন, ‘আলোচনাকে বাস্তবে রূপ দিতে হবে। বাড়ির ছাদকে রূপান্তর করতে হবে রুফটপ সোলারে।’ অনুষ্ঠানে ডিটিআরএস কর্মসূচির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল।

শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান। তিনি নবায়নযোগ্য জ্বালানিকে দেশের মূল শক্তির উৎস হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তারা।

ডিটিআরএস কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও ব্যবহারে উৎসাহিত করা হবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশগ্রহণ বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ব্যবহার সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights