ভোট দেখতে পর্যবেক্ষকদের দিতে হবে এইচএসসি সনদ

অনলাইন ডেস্ক

সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে চাইলে এইচএসসি সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা ও রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করা যাবে।

শনিবার এমন তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

তিনি জানান, ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন পরিকল্পনা সংসদীয় আসনভিত্তিক (আসন নম্বরের ধারাবাহিকতা অনুযায়ী অর্থাৎ ১, ২, ৩ … ৩০০) উল্লেখ করতে হবে।

কেন্দ্রীয়ভাবে অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড সংগ্রহের সময় প্রত্যেক পর্যবেক্ষকের সদ্য তোলা এক কপি স্ট্যাম্প সাইজ ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম EO-2 ও EO-3 পূরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) জমা দিতে হবে।

এছাড়া স্থানীয়ভাবে (রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে) নির্বাচনের জন্য অনুমোদিত পর্যবেক্ষকরা তাদের কার্ড সংগ্রহের সময় এক কপি স্ট্যাম্প সাইজ ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম EO-2 ও EO-3 পূরণ করে রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেবেন।

পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ সহ ফরম EO-2 ও EO-3 (অঙ্গীকারনামা) নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৮১টি। তারা পর্যবেক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights