ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, বাড়তে পারে শীতের অনুভূতি

অনলাইন ডেস্ক
ভোরের বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার সকাল শুরু হয়েছে বৃষ্টির মধ্য দিয়ে। দিনের কর্মসূচি নিয়ে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে পড়তে হয়েছে বৃষ্টির বিড়ম্বনায়। ঢাকার পাশাপাশি আশপাশের কয়েকটি এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

সন্ধ্যায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights