মতলবে দুই মাস ধরে গ্যাস পাইপলাইন লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় প্রায় দুই মাস ধরে বাখরাবাদ গ্যাসের একটি আবাসিক পাইপলাইন লিকেজ হয়ে অবিরত গ্যাস বের হচ্ছে। জনবহুল এই এলাকায় পাশেই মতলব সরকারি কলেজ ও প্রধান সড়ক।

শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপলাইন থেকে গ্যাস বুদবুদ আকারে অবিরাম বের হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। যার পাশ দিয়ে এলাকায় শত শত মানুষ চলাচল করে। এমনকি কয়েক গজ ভিতরেই মতলব সরকারি কলেজ। এলাকাটি জনবসতিপূর্ণ। এরকম অবস্থা চলতে থাকলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

নবকলস গ্রামের বাসিন্দা রাসেল প্রধান বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির ওপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটা ওই জায়গা দিয়ে সারাক্ষণ বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। পাইপ দ্রুত মেরামত না করলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights