‘বিস্ময়বালক’ সূর্যবংশী নিয়ে বিভক্ত ক্রিকেট মহাতারকারা

অনলাইন ডেস্ক
বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাটের ধার কোনো বাঘা ক্রিকেটারের চেয়ে কম নয়। আইপিএলে ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান তুলে ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে এই বিস্ময়বালক এখন ভারতীয় দলের ড্রেসিংরুমে। দলের সঙ্গে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে আছেন। তবে এখনো মূল একাদশে এই রান মেশিনের জায়গা মেলেনি।

কাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে তার দল। এ অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন, কবে মাঠে নামছেন বৈভব? এই প্রশ্নে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরা রীতিমতো এখন দুই পক্ষে বিভক্ত।

টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনই বৈভবকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন, বৈভব আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তৈরি হলেও তাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। এখন পর্যন্ত তারা টি-২০ বিশ্বকাপজয়ী টপ অর্ডার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন আর ইশাণ কিষাণের ওপর আস্থা রাখছেন।

তবে, ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে আয়ারল্যান্ড সিরিজেই তার দলে থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘আশা করি ইংল্যান্ড সিরিজে সে দলে থাকবে।’ তবে গাভাস্কারের আশা পূরণ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বৈভবকে ছাড়াই খেলতে নেমেছিল ভারত।

টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিরোধিতা করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, আয়ারল্যান্ডের মতো নিচু র‍্যাংকের দলের বিপক্ষেই বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটের আবহ বোঝার সুযোগ দেওয়া উচিত ছিল। ডেসকাটের বক্তব্যের দ্বিমত পোষণ করে তিনি আরও জানান, আইপিএলের পারফরম্যান্সের পর বৈভবকে সরাসরি কঠিন পরিস্থিতিতে নামিয়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়।

এদিকে ভারতের ওপেনার অভিষেক শর্মা সর্বশেষ তিন ম্যাচে ৪৯ ও ৫৯ রানের দুটি ইনিংস খেলেছেন। তবে সঞ্জু স্যামসনের ব্যাটে রানখরা। শেষ তিন ইনিংসে স্যামসন ৫, ০ ও ১ রান করেছেন। এ অবস্থায় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান স্যামসনের ব্যাটিং টেকনিক নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে মূল প্রশ্ন হলো, সূর্যবংশী শনিবারের ম্যাচে দলে থাকবে কি থাকবেন? ভারতের রবি শাস্ত্রী, ইংল্যান্ডের মাইকেল ভন, আলিস্টার কুকের মতো কিংবদন্তিরাও মনে করেন, সূর্যবংশীর মতো প্রতিভাকে বসিয়ে রাখা উচিত নয়।

এক পডকাস্টে ইংল্যান্ডের দুই সাবেক মাইকেল ভন আর আলিস্টার কুক ভারতীয় ক্রিকেট বোর্ড ও প্রধান নির্বাচক অজিত আগারকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভন বলেন, ‘আমাদের অবশ্যই বিসিআই ও প্রধান নির্বাচককে প্রশ্ন করা উচিত কেন সূর্যবংশীকে আয়ারল্যান্ডে খেলায়নি।’ জবাবে আলিস্টার কুক বলেন, ‘কাল (শনিবার) আমি সেখানে যাচ্ছি। একজন ভক্ত হিসেবে আমি চাই সে (বৈভব) যেন খেলে।’

সূর্যবংশীর প্রতিভা নিয়ে সন্দেহ নেই ভারতের সাবেক ক্রিকেটার সাবা করিম ও চেতেশ্বর পুজারারও। তারা মনে করেন, সূর্যবংশী অবশ্যই সুযোগ পাবেন, তবে পরীক্ষিত পারফরমারদের যেন বাদ দেওয়া না হয়। পুজারার মতে, পরীক্ষিত পারফরমারদের বাদ দিয়ে নয়, বরং কাউকে বিশ্রাম দিয়ে বৈভবকে সুযোগ দেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, ‘সঞ্জু একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং তার আরও দীর্ঘ সময় সুযোগ পাওয়া উচিত। ভারতের শীর্ষ তিন খেলোয়াড়ের কাউকেই এই মুহূর্তে বাদ দেওয়া ঠিক হবে না।’

বৈভব সূর্যবংশী শনিবারের ম্যাচে সুযোগ পাবেন কি না, তা টসের সময়ই পরিষ্কার হবে। তবে মাঠে নামার সুযোগ পেলেই শচীন টেন্ডুলকারকে টপকে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখাবেন এই বিস্ময়বালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights