মত পাল্টালেন মাহি

শোবিজ প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় নেমে ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে একের পর এক অঙ্গীকার করেছিলেন ‘অগ্নি’কন্যা। বিজয়ী হলে আর অভিনয় করবেন না বলেও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। নির্বাচনী কার্যক্রম শেষ করে রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন কয়েক দিন হলো। বদল করেছেন সিদ্ধান্তও। রবিবার মাহি বলেন, ‘আমি নির্বাচিত হলে সংসদ অধিবেশন, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম নির্বাচিত হওয়ার পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজখবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুই দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব। মাহির এমন সিদ্ধান্ত বদলের পর এরই মধ্যে নতুন চারটি ছবির প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। মাহি জানান, এখনো পান্ডুলিপি পড়ে শেষ করতে পারেননি। এদিকে মাহিয়া মাহি ব্যস্ত হয়ে পড়েছেন আবারও মিডিয়ায়। সম্প্রতি মডেল-ব্র্যান্ড প্রমোটর বারিষ হকের সঙ্গে একটি কাজ শেষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বারিষ কিছু ফটোশুটের ছবি পোস্ট করে লিখেছেন- আসছে নতুন কিছু’। মাহি নিয়মিত অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়ও সময় দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights