মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়া ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় মহাসড়কে অবরোধ, যানবাহন ভাঙচুর ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের দিকে যাওয়ার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে এগোনোর সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রাত ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। অবরোধের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

চালকদের দাবি, কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কিছু গাড়ির চাবিও নিয়ে যান অবরোধকারীরা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের ধাওয়া করেন। পরে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights