মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর রাজৈর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার বেপারী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা কবিরাজপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

সরোয়ার বেপারী মাদারীপুর শহরের ১নং শকুনি (কলেজ রোড) এলাকার মৃত আব্দুল কাদের ব্যাপারী ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন।

নিহত সরোয়ার বেপারীর বন্ধু তুহিন বলেন, সন্ধ্যার সময় আমরা তিনটি মোটরসাইকেল নিয়ে কবিরাজপুরে বিদেশ সংক্রান্ত পাওনা টাকা চাইতে যাই। কবিরাজপুরে পৌঁছালে রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমরা সরোয়ারকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সারোয়ারকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে কবিরাজপুর যাচ্ছিলেন সরোয়ার। এসময় তিনটি মোটরসাইকেলে তারা মোট ছয় জন ছিলেন। পথিমধ্যে শাখারপাড় ব্রিজ পার হয়ে একটি মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারের মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে সে ও তার সঙ্গে থাকা জসিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আহত জসিমকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুূদ খান বলেন, হাসপাতাল থেকে আমরা খবর পেয়েছি সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। কারো কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights