মাদুরো আমার নাচের ভঙ্গি নকল করতেন, ট্রাম্পের নতুন অভিযোগ
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফাইল ছবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, মাদুরো নাকি তার ‘নাচের ভঙ্গি’ নকল করার চেষ্টা করতেন।
মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক সমাবেশে ট্রাম্প এই অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তিনি (মাদুরো) সেখানে উঠে দাঁড়িয়ে আমার নাচটা একটু নকল করার চেষ্টা করেন।”
ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক প্রতিবেদনের প্রেক্ষাপটে এসেছে, যেখানে বলা হয়েছে— সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাদুরোর নিয়মিত জনসমক্ষে নাচ ও উদাসীন ভঙ্গি হোয়াইট হাউসের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের টেকনো রিমিক্সে মঞ্চে নাচসহ বিভিন্ন কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও পদত্যাগের দাবিকে উপহাস করার সামিল বলে মনে করেছে ট্রাম্প প্রশাসন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ভেনেজুয়েলার সাবেক নেতা হুগো শ্যাভেজও সমাবেশে প্রায়ই নাচতেন। তবে ট্রাম্পের দল মনে করে, মাদুরোর সাম্প্রতিক আচরণ যুক্তরাষ্ট্রের অবস্থানকে তাচ্ছিল্য করার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, গত শনিবার ভেনেজুয়েলায় হামলা ও ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী। ওই অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও ভেনেজুয়েলার সরকার কাঠামোগতভাবে বহাল রয়েছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
