মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়

স্পোর্টস ডেস্ক

জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন ছিল ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। চট্টগ্রাম বিভাগের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে খেলা এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হৃদয় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। পরিবারের বড় সন্তান হৃদয়ের এক ছোট বোন রয়েছে।

অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যানসার। এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই হৃদয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই পরিমাণ অর্থ সহায়তা দেয় বিসিবিও। দুই প্রতিষ্ঠানের পাশাপাশি ফেনীর স্থানীয় ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তায় তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ ক্রিকেটার।

হৃদয়ের মৃত্যুতে ফেনীর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই ক্রিকেটারের অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, ‘মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু জেলা ও দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি। সে ছিল সম্ভাবনাময় একজন তরুণ ক্রিকেটার। তার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে চলে যেতে হলো। হৃদয়ের এই অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights