মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

অনলাইন ডেস্ক

ম্যাচ হারলে ফিরতি সুযোগ থাকে জেতার। কিন্তু এবার এমন এক হার দেখলেন লিওনেল স্কালোনি যার কোনো ফিরতি ম্যাচ নেই। সারা জীবনের জন্য যে মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। গত মঙ্গলবার ৭৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের শেষকৃত্যে যোগ দিতে পুজাতোর গেছেন স্কালোনি। স্বামী আনহেলে সঙ্গে পুজাতোতেই থাকতেন ইউলালিয়া। তাদের তিন সন্তান- লিওনেল, মাউরো ও কোরিনা।

স্কালোনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় সংস্থাটি লিখেছে, ‘ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে পুরো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের কোচ লিওনেল স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে স্কালোনি ও তার প্রিয়জনদের প্রতি সব আর্জেন্টাইন মানুষের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের আলিঙ্গন। শক্ত থাকুন!’

এএফএর সভাপতি তাপিয়া আলাদা করে শোকবার্তা দিয়েছেন। স্কালোনিকে ‘প্রিয় গ্রিঙ্গো’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘প্রিয় গ্রিঙ্গো, তোমার মায়ের মৃত্যুতে এই কঠিন সময়ে পুরো দেশ তোমাকে ও তোমার পরিবারকে বুকে আগলে রেখেছে। তোমার প্রতি আমার গভীর সমবেদনা।তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে আছি আমরা। ইউলালিয়া মারজেত্তির আত্মা শান্তিতে থাকুক।’

মায়ের সঙ্গে স্কালোনির সম্পর্ক কতটা গভীর ছিল, তা আগেও প্রকাশ পেয়েছে তার কথায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে কোপা আমেরিকা জয়ের পর মা-বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার এই কোচ।

তখন স্কালোনি বলেছিলেন, তার মা-বাবা আর আগের মতো সুস্থ নেই। বিশ্বকাপ জয়ের পর পুরো বছরজুড়েই বিষয়টি তাকে কষ্ট দিয়েছে। কারণ, তাঁর বিশ্বাস ছিল, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেন তাঁর মা-বাবা।

স্কালোনির সেই কথায় ফুটে উঠেছিল সাফল্যের আড়ালে থাকা এক সন্তানের আবেগ। দেশের হয়ে বিশ্বজয়ের আনন্দ পেলেও প্রিয় মানুষদের সেই অর্জন পুরোপুরি উপভোগ করাতে পেরেছেন কি না, সেই ভাবনা তাকে তাড়িয়ে বেড়াত। মা-বাবা তাঁর সাফল্যে আনন্দ পেয়েছেন-এটুকু জানতে পারাই তার কাছে জীবনের সবচেয়ে বড় উপহার হতো বলে জানিয়েছিলেন তিনি।

কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা এনে দিয়েছেন স্কালোনি। তার অধীনে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর আগে ও পরে কোপা আমেরিকাতেও সাফল্য পায় দলটি। মাঠের সেই অসাধারণ অর্জন তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights