পেছাচ্ছে ঘরোয়া ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার কথা ছিল। তবে দিন কয়েক আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ঘোষণা দেন, চ্যালেঞ্জ কাপ এবার হচ্ছে না।
ফেডারেশন কাপ এবং ফুটবল লিগ যথাসময়ে শুরু হওয়ার কথা ছিল। ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরু হওয়ার কথা থাকলেও এখন আর তা সময়মতো মাঠে গড়াচ্ছে না। ফর্টিস এফসি ও পুলিশ এফসি ছাড়া কোনো দলই অনুশীলন ঠিকমতো শুরু করতে পারেনি। বেশ কয়েকটি ক্লাব এখনো ক্লাব লাইসেন্সিংয়ের ঝামেলা শেষ করতে পারেনি। তা ছাড়া দল গঠন এবং কোচ নিয়োগও বাকি অনেক ক্লাবের। ফিফা উইন্ডো আছে সামনে। সে সময় ঘরোয়া ফুটবল এমনিতেও বন্ধ রাখতে হবে। ক্লাবগুলোকে ছেড়ে দিতে হবে জাতীয় দলের ফুটবলার।
এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল সময়মতো মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মোহামেডান-আবাহনীসহ কয়েকটি ক্লাব সময় পিছিয়ে দেওয়ার পক্ষে। তবে ফিফার নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের পরে পেছানোর খুব একটা সুযোগ নেই। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল কবে হবে? বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হাতে সময়ও খুব বেশি নেই। তা ছাড়া দলগুলো অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় না পেলেও সমস্যা। দল গোছাতে ব্যর্থ হলে লিগে এর প্রভাব পড়তে পারে। কী অপেক্ষা করছে ঘরোয়া ফুটবলে?
আজ বাফুফেতে কার্যনির্বাহী কমিটির পূর্ব নির্ধারিত সভা রয়েছে। এখানেই ঘরোয়া ফুটবল নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে ঘরোয়া ফুটবলের তারিখ পেছানোর সিদ্ধান্তই আসতে পারে। কারণ এখনো কতগুলো ক্লাব অংশ নেবে, তা-ই ঠিক হয়নি। ফেডারেশন কাপের গ্রুপিং হয়নি। এই পরিস্থিতিতে বাফুফের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্লাবগুলো। অবশ্য ক্লাবগুলোর দাবি উপেক্ষা করলেও বিপদ হতে পারে। এ ক্ষেত্রে বাফুফে আজ কী সিদ্ধান্ত নেয় তা-ই দেখার বিষয়।
