বিদ্যুৎস্পৃষ্টে আহত বানর উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বানরটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা। পরে বানরটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আবাসিক এলাকার সড়কে একটি বানর পড়ে যায়। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে ফাউন্ডেশনটির পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আহত বানটিকে জানজীছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে।
