মিরপুরে শিশুকে বেল্ট দিয়ে পেটালেন মার্কেটের নিরাপত্তাকর্মী

অনলাইন ডেস্ক
মানুষের ভিড়ের মধ্যে একটি মেয়েশিশুর এক হাত ধরে কোমরের বেল্ট দিয়ে একের পর এক আঘাত করছেন এক ব্যক্তি। পাশ দিয়ে ছুটে চলছে যানবাহন। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন নীরবে দেখছেন। একপর্যায়ে কয়েকজন শিশুটিকে রক্ষা করতে এগিয়ে এলে তাকে টেনে মার্কেটের দিকে নিয়ে যান ওই ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

পুলিশ বলছে, ঘটনাটি ঢাকার মিরপুরের। গত শনিবার বিকালে মিরপুর ১ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। শিশুটিকে পেটানো ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম মো. রিপন মণ্ডল (৩৬)। তিনি মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী। বর্তমানে পুলিশের পাহারায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মার্কেটের সামনের রাস্তায় মানুষের ভিড়ের মধ্যে নেভি ব্লু শার্ট ও কালো ফুলপ্যান্ট পরা এক ব্যক্তি এক হাত দিয়ে শিশুটির একটি হাত ধরে আছেন। অন্য হাতে থাকা বেল্ট দিয়ে শিশুটিকে পেটাচ্ছেন তিনি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শিশুকে মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকে।

এ বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন গণমাধ্যমকে বলেন, ভিডিওটি নজরে আসার পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ঘটনাটি শনিবার বিকালের। শিশুটিকে পেটানো ব্যক্তি রিপন মণ্ডল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে রিপন মণ্ডল পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি করেন, শিশুটি মার্কেটের একটি দোকান থেকে মুঠোফোন চুরি করেছে। এ জন্য তিনি তাকে পিটিয়েছেন। রবিবার বিকালে রিপন হৃদ্‌রোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হন।

ওসি দুলাল হোসেন বলেন, রিপন মণ্ডলের দাবি সত্য কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। তাকে হাসপাতালে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

রিপন মণ্ডল সুস্থ হয়ে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটির সন্ধান করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights