মুক্তির ৫ দিনেই উঠে এলো ‘কল্কি’ সিনেমার লগ্নির টাকা

অনলাইন ডেস্ক

সাড়া ফেলেছে ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮এডি’; মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় লগ্নির টাকা উঠে এসেছে নাগা অশ্বিন পরিচালিত সায়েন্সফিকশনধর্মী এ সিনেমার।

‘কল্কি’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন। এনডিটিভি লিখেছে, ৬০০ কোটি রুপির বাজেটের সিনেমাটি প্রথম দিনই ভারত থেকে আয় করেছে ৮৪ কোটির বেশি; আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে ১৯১ কোটি রুপি। আর মুক্তির পাঁচ দিনের মধ্যে ‘কল্কি’ বিশ্বের বক্স অফিসে ৬৩৫ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

এর আগে, গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘জওয়ান’ প্রথম দিন ঘরে তুলেছিল ৭৫ কোটি রুপি। আর বক্স অফিস জানিয়েছিল, বছর শেষে সারা বিশ্বজুড়ে ‘জওয়ান’ আয় করে ১ হাজার ১৬০ কোটি রুপি।
‘কল্কি’ সিনেমায় প্রথমবারের মত দক্ষিণের তারকা প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন হিন্দি সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। এতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় পর্দায় এসেছেন প্রভাস। আর দীপিকা অভিনয় করেছেন ‘পদ্মা’ নামের চরিত্রে।

আছেন বলিউডের মেগাতারকা অমিতাভ বচ্চন এবং দক্ষিণের কমল হাসানের মত বাঘা বাঘা অভিনেতারা। ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবরাকোন্ডার মত জনপ্রিয় অভিনয় শিল্পীরাও কাজ করেছেন এ সিনেমায়। আর খল চরিত্রে প্রশংসা কুড়াচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

এছাড়া ভারতের দুই নামকরা পরিচালক এস এস রাজামৌলি এবং রাম গোপাল ভার্মাকে ‘কল্কি’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এসবের পাশাপাশি সিনেমায় ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার দারুণ প্রশংসা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights