মুক্ত আকাশে উড়ল ৫০টি বক
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারীকে আটক করে স্থানীয় পরিবেশকর্মীরা। এ সময় পাখি শিকারের অপরাধে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে বকগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
শনিবার ভোরে সিংড়া চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলে অভিযান পরিচালনা করেন স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ সংগঠনের সদস্য ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সিংড়ার পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।
জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা জানান, কিল্লা ঘর তৈরি করে শিকারীরা পোষা বক ব্যবহার করে বন্য বক ধরার ফাঁদ পাতেন। এসব কিল্লা ঘরে আটকে রাখা পোষা বকের ডাক শুনে বন্য বক কাছে এলে ফাঁদে আটকা পড়ে। এতে অর্ধশতাধিক বক পাখি উদ্ধার ও বক ধরার ফাঁদসহ ১০টি কিল্লা ঘর ভেঙে দেওয়া হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করা ৫০টি বক প্রকৃতিতে অবমুক্ত করেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীত মৌসুম সামনে রেখে চলনবিলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বাড়ে। এ সময় একটি অসাধু চক্র সুযোগ নিয়ে পাখি শিকারে সক্রিয় হয়ে ওঠে। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান চালিয়ে আসছে সংগঠনটি।
