মুন্সীগঞ্জে শিশুদের সাথে জেলা প্রশাসকের ঈদ উদযাপন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল এলাকার সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শনে গিয়ে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে সময় কাটান এবং তাদের নানা খোঁজখবর নেন।
পরে শিশুদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা প্রশাসক। এছাড়া শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন তিনি।
এরপর মুন্সীগঞ্জ শহরের ‘মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা’ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। সেখানে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং কিছু সময় তাদের সঙ্গে কাটান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের মূল শিক্ষা ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
