মৃত্যুর শোকে আইইউটির কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে তারা।

রবিবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় দুর্ঘটনায় আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। একই বিভাগের আরো তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রয়াত শিক্ষার্থীদের সম্মান জানাতে ২৫-২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

এ ছাড়া শ্রদ্ধার চিহ্ন এবং এই ট্র্যাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সব একাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights