মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় মানলেন ইয়ামাল

অনলাইন ডেস্ক

ফুটবলের সেরার মঞ্চে মেসি, পেলে আর ম্যারাডোনা- এই তিন কিংবদন্তির নামই আসে বারবার। তবে এই তিনজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে কোনো বিতর্কে গেলেন না লামিনে ইয়ামাল। নিজের দেখা ফুটবল আর মুগ্ধতার জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, তার চোখে সর্বকালের সেরা লিওনেল মেসি।

মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে মেসি, পেলে ও ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। কোনো দ্বিধা ছাড়াই মেসির নাম নেন বার্সেলোনার এই তরুণ তারকা।

ইয়ামাল বলেন, ‘আমি নিজের চোখে এবং পর্দায় যা দেখেছি, সেখান থেকে বিচার করলে মেসিকেই বেছে নেব। তিনি ফুটবলকে যা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন, সবকিছুর জন্যই।’

পেলে ও ম্যারাডোনার কীর্তিও ফুটবল ইতিহাসে অনন্য। ব্রাজিলের হয়ে পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল ম্যারাডোনার। ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোলসংখ্যা ছিল ছয়শর বেশি।

ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেন। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার অসাধারণ নৈপুণ্য তাঁকে ফুটবলের অন্যতম কিংবদন্তিতে পরিণত করেছে।

অন্যদিকে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে তাঁর গোলসংখ্যা একশ ছাড়িয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোল করেছেন ৯০০-এর বেশি। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করানোর পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়াও ১৪ আর সবশেষ ২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল।

সূত্র: গোল ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights