ম্যানইউর যুব একাডেমির উইঙ্গার এখন বাংলাদেশের ক্যাম্পে

অনলাইন ভার্সন

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাস। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলমান ক্যাম্পে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

১৯ বছর বয়সী অ্যাডাম ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তার মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার দিক থেকে তার রয়েছে জ্যামাইকান-নাইজেরিয়ান বংশপরিচয়। প্রায় ছয় ফুট উচ্চতার এই তরুণ ফুটবলার গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত।

ফুটবলে অ্যাডামের হাতেখড়ি ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে। পরবর্তীতে তিনি বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন। সম্প্রতি উইথেনশো টাউন এফসির হয়েও মাঠে নেমেছেন তিনি।

রাইট উইঙ্গার হিসেবে খেলা অ্যাডামের অন্যতম শক্তির জায়গা তার গতি ও ড্রিবলিং। পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দক্ষতা এবং গোল করার সামর্থ্যও রয়েছে তার। জাতীয় দলের ক্যাম্পে তার যোগ দেওয়া তাই বাংলাদেশের আক্রমণভাগকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে।

প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় দলে যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবেই অ্যাডামকে ক্যাম্পে ডাকা হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর এবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বেও ভালো করার লক্ষ্য বাংলাদেশের।

আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপপর্বে স্বাগতিক উজবেকিস্তানের পাশাপাশি সিরিয়া ও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

এই কঠিন গ্রুপে ভালো ফল পেতে অ্যাডাম আব্বাসের গতি ও আক্রমণাত্মক দক্ষতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights