যশোরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে নিজ ঘর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের বাড়িতে খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বোনের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। সোমবার বোন নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া। মঙ্গলবার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে উঁকি দিয়ে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর মাকে হত্যার পর এসব জিনিস লুট করে নিয়ে গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights