যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড়ের কাছে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আরেকজনের নাম আরিফুল ইসলাম জয়, বাবার নাম শহিদুল ইসলাম। তার ঠিকানা যশোর পৌরসভার শংকরপুরের বেজপাড়া, পিয়ারী মোহন রোড। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমর ফারুক আব্দুল কাদেরের ছেলে এবং রাকিব রুহুল আমিনের ছেলে। তারা সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার বাসিন্দা। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, সিয়াম, ওমর ফারুক ও রাকিব একই মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। বড় মেঘলায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সিয়াম বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। বাকি দুই নিহত যশোরগামী মোটরসাইকেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আরিফুলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত তৃতীয়জনের পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের খুঁজে পেতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights