যুক্তরাষ্ট্রের তথ্যে সন্ত্রাসী হামলার ছক বানচাল করল মস্কো, কিশোর আটক
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের ভিত্তিতে রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের একটি সন্ত্রাসী হামলার ছক বানচাল করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক রুশ কিশোরকে আটক করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। সময়মতো তথ্য দিয়ে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।
গত শনিবার মস্কোর মার্কিন দূতাবাস থেকে ‘জারিতসিনো মিউজিয়াম রিজার্ভে’ হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করা হয়। এরপরই মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরকে আটক করে এফএসবি।
সংস্থাটি জানায়, আটক কিশোর একটি নব্য-নাৎসি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ছিল। সে টিকটকে স্বয়ংক্রিয় অস্ত্রের মতো দেখতে একটি বস্তুর ছবি ও জাদুঘরের অবস্থান দিয়ে ক্যাপশনে লিখেছিল, ‘আমি একটা জায়গা পেয়েছি।’ আটকের পর তার বাড়ি থেকে এয়ারসফট অস্ত্রও উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি অনুযায়ী তারা বিভিন্ন দেশে সম্ভাব্য হামলার আগাম তথ্য দিয়ে থাকে। তবে রাশিয়া সব সময় তা ইতিবাচকভাবে নেয় না। গত মার্চে জো বাইডেন প্রশাসনের আমলে মস্কোর একটি কনসার্টে আইএস হামলার মার্কিন সতর্কতা উসকানিমূলক বলে উড়িয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সেখানে হামলায় ১৪০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে এমন তথ্যের জন্য পুতিন নিজে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন।
রাশিয়ার বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের মধ্যে মার্কিন সতর্কতা ও এফএসবির ধন্যবাদ জানানোর ঘটনা ঘটল।
