যুক্তরাষ্ট্রে ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’র খবরে গিয়ে তিন বৃদ্ধের মরদেহ পেল পুলিশ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের উপকণ্ঠে একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িতে একজন ‘অনাকাঙ্ক্ষিত অতিথি’র উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ৮টার কিছু আগে নর্থ রয়্যালটন এলাকার ওই বাড়িতে যায় পুলিশ। এর আগে বাড়িটিতে গোলযোগের শব্দ শুনে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পাশাপাশি সেখানে একজন অনাকাঙ্ক্ষিত অতিথি থাকার অভিযোগও পাওয়া যায়।

নর্থ রয়্যালটন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, বাড়িতে প্রবেশ করে কর্মকর্তারা প্রথমে দুজনের মরদেহ দেখতে পান। পরে বাড়ির বাইরে সন্দেহভাজন ওই অতিথির গাড়ি দেখতে পেয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তার কারণে সেখান থেকে সরে যান এবং অতিরিক্ত সহায়তা চান। পরবর্তী সময়ে একটি সোয়াট দল বাড়িটিতে প্রবেশ করে তৃতীয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বুধবার সকালে নিহতদের পরিচয় প্রকাশ করে কুয়াহোগা কাউন্টি মেডিকেল এক্সামিনার কার্যালয়। তারা জানায়, নিহতরা হলেন- এমিলিয়া সিওরটান, সরিন সিওরটান ও স্টেফান পাসকু। তিনজনেরই বয়স ছিল ৭১ বছর।

পুলিশের ধারণা, স্টেফান পাসকুই ছিলেন সেই অনাকাঙ্ক্ষিত অতিথি, যার বিষয়ে খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে নিহত তিনজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী ছিল, তা এখনো তদন্তাধীন।

এ ঘটনায় তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম এবিসি অ্যাফিলিয়েট ডব্লিউইডব্লিউএসের ধারণ করা ভিডিওতে বাড়িটির সামনের কয়েকটি জানালার কাচ ভাঙা এবং সামনের দরজা কবজা থেকে খুলে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।

তথ্যসূত্র : এবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights