যুবদল নেতা হত্যা, জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

সমাবেশে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

সমাবেশে মাগুরা জেলা ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে তার ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights