যুব দিবসে দেশজুড়ে নানা কর্মসূচি, ১৪ জন পাচ্ছেন জাতীয় যুব পুরস্কার

অনলাইন ডেস্ক

আগামী ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের যুব দিবসে যুবদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

তিনি আরও বলেন, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবেলায় সারা দেশে ১২,০০০ রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। এছাড়া যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে এক বিশাল ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে ৩,০০০ থেকে ৫,০০০ জনের চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের যুববান্ধব বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও সারা দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্যসমূহ হলো: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম, খালখনন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights