রংপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সাতদরগা বাজারের একটি চায়ের দোকান থেকে একাধিক মামলার এজাহারনামীর আসামি অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান হংকং (৫২) ও একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে (৪৫) আটক করে এলাকার লোকজন।

এসময় উত্তেজিত জনতা ওই দুই নেতাকে উত্তম-মধ্যম দিতে থাকে। সংবাদ পেয়ে পীরগাছা থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে দুই নেতাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাদের জেল-হাজতে প্রেরণ করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে অন্নদানগর ও ইটাকুমারী ইউনিয়নের দুই বিএনপি কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট এবং ইতিপূর্বে পশ্চিমদেবু গ্রামের একটি চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে পীরগাছা থানায় আলাদা আলাদা ৩টি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামি মজিবর রহমান হংকং ও শহিদুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। বুধবার দুপুরে তারা থানা এলাকার সাতদরগা বাজারে গেলে স্থানীয় জনতা তাদের আটক করেন।

তিনি বলেন, আটক দুই আওয়ামী লীগ নেতাকে পীরগাছা থানায় তদন্তাধীন ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights