রবসনের ফেরার ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার লিগ দিয়ে ফুটবলের নতুন মৌসুমে যাত্রা হয়েছিল বসুন্ধরা কিংসের। শুরুটা ভালো হয়নি ছয়বারের চ্যাম্পিয়নদের। আরামবাগের সঙ্গে ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারিয়েছে। আজ ঘরোয়া ফুটবলে আরেক আসরে যাত্রা হবে কিংসের। ফেডারেশন কাপ গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান শিরোপাধারীরা। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিপক্ষ একসময়ের আলোচিত দল ঢাকা ওয়ান্ডারার্স। শক্তির বিচারে কিংসের জয়ের সম্ভাবনা বেশি। তার পরও অনুপযোগী মাঠ নিয়ে কিছুটা শঙ্কিত তারা। কেননা দল যতই শক্তিশালী হোক না কেন, বাজে মাঠে স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করা যায় না। আজকের ম্যাচে চোখ থাকবে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর দিকে। দুই বছর পর আবারও কিংসে ফিরে এসেছেন তিনি। ভারতের ইস্টবেঙ্গল থেকে পুনরায় প্রত্যাবর্তন ঘটেছে এই ব্রাজিলিয়ানের। ফুটবলে কিংস যে সাফল্যের সাগরে ভাসছে, তার পেছনে রবসনের অবদান স্বীকার করতেই হবে। তিনি থাকা অবস্থায় দলটি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ফেডারেশন কাপ বা স্বাধীনতা কাপ সবকিছুতেই তাঁর ছোঁয়া আছে।
দুই মৌসুম পর আজ কিংসের জার্সিতে মাঠে নামছেন রবসন রবিনহো। ঘরোয়া ফুটবলে অনেক বিদেশি খেলেছেন। অনেকের দৃষ্টিতে রবসনই সেরা। নিজে খেলেছেন, অন্যদের খেলিয়েছেন। রীতিমতো ম্যাজিকম্যান বনে যান। দুই মৌসুম পর রবসন কি পারবেন তাঁর চেনা রূপটা ধরে রাখতে? আগের সেই ছন্দটা কি দেখা যাবে? ইস্টবেঙ্গলে খুব একটা ভালো খেলতে পারেননি। ঘরের ছেলে ঘরে ফিরলেও আগের ছন্দে আছেন কি না দেখার বিষয়। রবসন ছাড়া এবার নতুনভাবে আরেক ব্রাজিলিয়ান কেইকে জেসুস বসুন্ধরায় যোগ দিয়েছেন। দুই ব্রাজিলিয়ানের জুটি কেমন হবে এ নিয়েও আগ্রহ রয়েছে দর্শকের। তবে আজ তাঁর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। ক্লাব থেকেই জানানো হয়েছে, তিনি জ্বরে আক্রান্ত। শুধু একা নন, আরও কয়েকজন জ্বরে ভুগছেন। তবে ওয়ান্ডারার্স যে মানের দল, তাতে আতঙ্ক থাকার কথা নয়। লিগের আগের ম্যাচে তারা আবাহনীর কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। তার পরও পচা শামুকে পা কাটে। অনুপযোগী মাঠে সতর্ক হয়েই খেলতে আসরে তৃতীয় সর্বোচ্চ শিরোপাধারী দলটিকে। কিংসের ম্যাচের দিনে ঢাকা মোহামেডানও ফেডারেশন কাপে যাত্রা করছে আজ।
