রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী খুন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবকের মুত্যু হয়েছে। তিনি যুবদল কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে।

জানা গেছে, পাশের পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে একাধিক মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে এসে করিমকে ধাওয়া করে। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পরে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, করিম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত প্রায় দুই বছরে রাউজানে প্রতিপক্ষের হামলায় দুই ডজনেরও বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। খুন হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights