রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন গ্রেফতারি পরোয়ানা, তীব্র নিন্দা জানাল চীন
অনলাইন ডেস্ক
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং অভিযোগ করেছে, হাভানার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে ওয়াশিংটন অন্যায়ভাবে বিচারিক পদক্ষেপের অপব্যবহার করছে। সেই সাথে কিউবার ওপর থেকে অবিলম্বে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে শি জিনপিংয়ের দেশ।
নিয়মিত দৈনিক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, রাউল কাস্ত্রো একজন অত্যন্ত শ্রদ্ধেয় কিউবান নেতা এবং আন্তর্জাতিকভাবে তিনি বেশ উচ্চ মর্যাদার অধিকারী। মাও নিং উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কিউবার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই একটি ঘৃণ্য রাজনৈতিক প্রহসন হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং বেইজিং তাদের এই অবস্থান গভীরভাবে লক্ষ্য করেছে।
চীন সরকারের পক্ষ থেকে মাও নিং বলেন, আমরা বিচারিক ব্যবস্থার অপব্যবহার করে কিউবার ওপর চাপ প্রয়োগের কঠোর বিরোধিতা করি। কিউবা যাতে তাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং যেকোনো বহিরাগত হস্তক্ষেপ প্রতিহত করতে পারে, সে বিষয়ে আমাদের পূর্ণ ও দৃঢ় সমর্থন রয়েছে। একই সাথে তিনি ওয়াশিংটনকে কিউবার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক অবরোধ ও অন্যান্য জবরদস্তিমূলক ব্যবস্থা অবিলম্বে সমাপ্ত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতি কিউবার জনগণের বেঁচে থাকা এবং স্বাধীন বিকাশের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
ফ্লোরিডার একটি আদালত ৯৫ বছর বয়সী সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করার পর চীনের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। ঘটনাটি ১৯৯৬ সালের, যখন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামক মিয়ামি-ভিত্তিক একটি কিউবান প্রবাসী সংগঠনের পরিচালিত দুটি বেসামরিক বিমান গুলি করে নামানো হয়েছিল। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার গত সোমবার ঘোষণা করেন, ওই বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনায় কাস্ত্রোর বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবা শাসন করা রাউল কাস্ত্রোকে গত মে মাসেও একই ঘটনায় মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত করা হয়েছিল।
সূত্র: রয়টার্স
