রাজধানীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী এলাকা থেকে সঞ্জয় দত্ত (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগ এলাকা থেকে শিবলু (৩০) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি দল ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত।
তিনি আরও জানান, বুধবার রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি।
পুলিশ জানায়, সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে করা একটি মামলার আসামি শিবলু।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
