রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মো. আজিম মোল্লা (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত পৌনে ৯টার দিকে ৩০০ ফিটের কোয়ালিটি বিল্ডিং এলাকায় ‘স্বদেশ প্রপার্টি’র নির্মাণাধীন ২০ তলা ভবনের নিচতলার বেজমেন্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মইয়ের ওপর দাঁড়িয়ে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আজিম। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচাতো ভাই তানভীর মোল্লা জানান, আজিম স্যানেটারির কাজ করতেন। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে। দুই ভাইয়ের মধ্যে আজিম ছিলেন বড়। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেছিলেন।
তানভীর আরও জানান, বর্তমানে আজিম নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
