রাতের আঁধারে দুই ট্রেনে নাশকতার চেষ্টা, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল শত প্রাণ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

রাতের অন্ধকারে রেললাইনে জ্বলন্ত টায়ার, লাল পতাকা আর রহস্যময় দুটি বস্তু! অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন। চালকদের তাৎক্ষণিক সতর্কতা ও দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর ও বিরল উপজেলায় পৃথক দুটি স্থানে রেললাইনে নাশকতার এই চেষ্টা চালানো হয়।
রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে রাখে দুর্বৃত্তরা। ঠিক ওই সময় চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে চালক লাইনের ওপর আগুন দেখতে পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের স্টাফদের তৎপরতায় আগুন নিভিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এর সোয়া এক ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে, লাল পতাকা টানিয়ে এবং দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় কে বা কারা। দূর থেকেই আগুনের শিখা ও অস্বাভাবিক অবস্থা দেখতে পেয়ে ট্রেনের চালক হিরু মিয়া সতর্কতার সঙ্গে ট্রেন থামিয়ে দেন।
যাত্রীদের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক বা হুড়োহুড়ি তৈরি না হয়, সেজন্য চালক অত্যন্ত কৌশলে সন্দেহজনক বস্তু দুটি ট্রেনে তুলে দিনাজপুরে নিয়ে আসেন এবং জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়া জানান, বস্তুগুলোর ভেতরে বালুর মতো পদার্থ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এগুলো রাখা হয়েছিল।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, কে বা কারা রেললাইনে আগুন জ্বালিয়ে ও বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছিল। তবে চালকদের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বস্তুগুলো প্রকৃত বোমা নয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কারা এই ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights