রায় মানতে বাধ্য মিয়ানমার
কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গতকাল কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আয়োজিত বিশেষ সমাবেশে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাঙালি হিসেবে নয়, বরং স্বতন্ত্র রোহিঙ্গা পরিচয়েই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমারের। তিনি আরও বলেন, এটি শুধু রোহিঙ্গা কিংবা বাংলাদেশের একার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা অবশ্যই তাঁদের নিজ দেশে ফিরে যাবেন। তাঁদের প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, আমি আবারও আসব আপনাদের সামনে ভালো খবর নিয়ে।
এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বক্তব্য দেওয়ার বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় রোহিঙ্গারা তাঁদের দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন, বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা এবং নাগরিক অধিকার ফিরে পাওয়ার আকাক্সক্ষার কথা তুলে ধরেন। তাঁদের প্রত্যাশা, আইসিজের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের এটিই প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। রোহিঙ্গা কমিউনিটি তাঁকে বিভিন্ন ব্যানার-পেস্টুন নিয়ে স্বাগত জানায়।
