রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়াল আফগানিস্তান

অনলাইন ডেস্ক

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়াল শেষ ওভারে। সেখানে রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তার কমতি হলো না। সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া কামিন্দু মেন্ডিস জাগালেন দারুণ এক জয়ের আশা। কিন্তু অল্পের জন্য পারলেন না তিনি। রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ এড়াল আফগানিস্তান। ডাম্বুলা রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার (২১ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়েছে আফগানরা। ২১০ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা করতে পেরেছে ২০৬ রান।

শেষ ওভারে লঙ্কানদের দরকার ছিল ১৯ রান। পেসার ওয়াফাদার মোমান্দের প্রথম তিন বলের মধ্যে দুইটি চার মারেন কামিন্দু মেন্ডিস। চতুর্থ বল ছিল কোমর উচ্চতায়, মেন্ডিস ব্যাট ছোঁয়াতে পারেননি, আম্পায়াররা ‘নো’ বলও ডাকেননি। খুব হতাশা প্রকাশ করতে দেখা যায় মেন্ডিসকে। পরে রিপ্লেতে দেখা যায়, পরিষ্কার ‘নো’ বল ছিল। এরপর ওয়াইড থেকে আসে একটি রান। ২ বলে চাই ১০। পঞ্চম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে খেলে কোনো রান নেননি মেন্ডিস। শেষ বলে তার ছক্কা যথেষ্ট হয়নি। বিফলে গেছে মেন্ডিসের ৩৯ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ৭ চার ও ২ ছক্কায়। এই সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে আট ম্যাচে আফগানিস্তানের তৃতীয় জয় এটি। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের বিপক্ষে দলকে প্রথম দুইশ রানের সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে বড় অবদান রাখেন রাহমানউল্লাহ গুরবাজ। ৪৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন ম্যাচের সেরা তিনিই। ২২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন হাজরাতউল্লাহ জাজাই। দুজনের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে ৮৮ রান আসে ৪৪ বলে। শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন পাথুম নিসাঙ্কা। কিন্তু হ্যামস্ট্রিংয়ে টানা লাগায় ৩০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর কামিন্দু মেন্ডিস চেষ্টা করলেও তা যথেষ্ট হলো না।
সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ২০৯/৫ (জাজাই ৪৫, গুরবাজ ৭০, ইব্রাহিম ১০, ওমারজাই ৩১, নাবি ১৬*, জানাত ০, ইসহাক ১৬*; ম্যাথিউস ২-০-২১-০, থুসারা ৪-০-৪৮-০,পাথিরানা ৪-০-৪২-২, দানাঞ্জয়া ৪-০-৩৭-২, হারাসাঙ্গা ৪-০-৩৫-১, শানাকা ২-০-১৬-০)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৬ (নিসাঙ্কা ৬০ আহত অবসর, কুসাল মেন্ডিস ১৬, পেরেরা ০, হাসারাঙ্গা ১৩, সামারাউইক্রামা ২৩, কামিন্দু মেন্ডিস ৬৫*, ম্যাথিউস ৪, শানাকা ১৩, দানাঞ্জয়া ৪*; মোমান্দ ৩-০-৩৫-০, ওমারজাই ৪-০-৪২-০, ফারিদ ২-০-৩০-১, নুর ৪-০-৩৭-১, নাবি ৪-০-৩৫-২, কাইস ২-০-১৭-১, জানাত ১-০-৯-০)

ফল: আফগানিস্তান ৩ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: রাহমানউল্লাহ গুরবাজ

ম্যান অব দা সিরিজ: ওয়ানিন্দু হাসারাঙ্গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights