রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অনলাইন ডেস্ক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রধান শর্তাবলী অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রেজিস্টার দপ্তরের দেয়া তথ্য মতে, দীর্ঘ ১২ বছর পর গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হলো।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় অধ্যাপক ড. মো. আখতার হোসেন প্রো-ভিসি পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights