র্যাগিংয়ের ঘটনায় ববির ৪ বিভাগের ৪৮ শিক্ষার্থীর শাস্তি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও আচরণবিধি ভঙ্গের দায়ে চার বিভাগের ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট বিভাগ ও শিক্ষার্থীদের পৃথক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এক বছরের একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, শিক্ষার্থীরা যাতে প্রথমবারের ভুল শুধরে নেওয়ার সুযোগ পায়, সে জন্য বহিষ্কারের পাশাপাশি জরিমানার বিকল্প রাখা হয়েছে। তবে ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে সরাসরি বহিষ্কারাদেশ কার্যকর হবে বলেও জানান তিনি।
শাস্তির আওতায় আসা শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের ৫ জন, মার্কেটিং বিভাগের ১৯ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিঠিতে বলা হয়েছে, পত্র ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দ্বিগুণ হারে জরিমানা প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, র্যাগিংয়ের ঘটনায় মোট ৪৮ শিক্ষার্থীকে শাস্তি দেয়া হয়েছে। ‘র্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রাথমিকভাবে চারটি বিভাগের তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই চার বিভাগের শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হয়েছে।’
আরেকটি বিভাগের তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের নাম উল্লেখ না থাকায় পুনরায় তদন্ত করতে বলা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, নামসহ পুনঃতদন্ত প্রতিবেদন জমা দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরও আইনের আওতায় আনা হবে।
