লবণাক্ততায় কমছে কৃষিজমি
নিজস্ব প্রতিবেদক, খুলনা
শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ-এপ্রিল মাসে খুলনার কয়রার চাঁদআলী ব্রিজের কাছে পানিতে লবণের মাত্রা থাকে প্রায় ৪০ ডেসিসিমেন্স পার মিটার। একই সময় দাকোপ পানখালিতে থাকে ২৫ দশমিক ৫ ডেসিসিমেন্স পার মিটার। দাকোপ কামারখোলা-সুতারখালি ৩২ নম্বর পোল্ডারের কাছে বিশাল জমিতে লবণাক্ততার কারণে ধানচাষ হয় না। জমিতে হাঁটলে পায়ে লেগে যায় লবণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলে মাটি-পানির লবণাক্ততা ক্রমশ বাড়ছে। যা কৃষি উৎপাদন ও ফসলি জমির ওপর বড় প্রভাব ফেলছে। কর্মকর্তারা বলছেন, লবণাক্ততার কারণে খুলনা উপকূলীয় অঞ্চলে প্রায় ৫৩ শতাংশ জমি অনাবাদি বা চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কৃষিতে এই সংকট মোকাবিলায় লবণ-সহিষ্ণু নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণে কাজ করছে কৃষি অধিদপ্তর। সেই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় আনতে একসময়কার হারিয়ে যাওয়া মিষ্টি পানির আধার খুঁজছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও নড়াইলে প্রায় ৬৮ হাজার ৩৯০ হেক্টর জমিতে লবণাক্ততার মাত্রা অতি তীব্র, যা ১৬ ডেসিসিমেন্স পার মিটারের ওপরে। পাশাপাশি আরও ৮৫ হাজার ১৬০ হেক্টর জমিতে লবণাক্ততা তীব্র যা ১২ থেকে ১৬ ডেসিসিমেন্স পার মিটার। এর মধ্যে শুধু খুলনা জেলায় ৩০ হাজার ৫৭০ হেক্টর জমিতে, বাগেরহাটে ৯ হাজার ২৪০ হেক্টর ও সাতক্ষীরা জেলায় ২৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে অতি তীব্র লবণাক্ততা রয়েছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) গবেষণা অনুযায়ী, লবণাক্ততার তীব্রতা বাড়ায় খুলনা জেলায় আবাদি জমির পরিমাণ ক্রমাগত কমছে এবং চাষের অনুপযোগী জমি বাড়ছে। ২০১০ সালে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ৭৮৯ হেক্টর। লবণাক্ততার কারণে ২০২৪ সালে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার ৪৯৭ হেক্টর। ১৪ বছরে লবণাক্ততায় জমির পরিমাণ কমেছে ১০ হাজার ২৯২ হেক্টর। বর্তমানে খুলনার প্রায় ২১ শতাংশ জমিতে লবণাক্ততা মাত্রা ১৬ ডিএস পার মিটার ছাড়িয়েছে, যেখানে কোনো ধরনের ফসলই জন্মাতে পারে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, উপকূলীয় সংলগ্ন পাঁচটি উপজেলাতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় খরিপ-১ মৌসুমে অর্থাৎ যখন বৃষ্টি কম থাকে তখন লবণাক্ততা বেড়ে যায়। কয়রা পাইকগাছা দাকোপ বটিয়াঘাটা ডুমুরিয়ার আংশিক যেখানে লবণাক্ততা বেড়ে গেলে আর ফসল করা যায় না। তিনি বলেন, বর্তমানে খুলনা জেলার প্রায় ৯০ হাজার হেক্টর জমি লবণাক্ততার কারণে পতিত পড়ে থাকে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদার জানান, উপকূলীয় এলাকায় দিনদিন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বিজ্ঞানীরা এখন ১৬ থেকে ১৮ ডিএস লবণাক্ততা সহ্য করতে পারে এমন নতুন জাতের ফসল উদ্ভাবনের চেষ্টা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, এত লবণ তো আগে ছিল না। উপকূলীয় অনেক স্থানে পুরোনো মিষ্টি পানির আধার পুকুর খাল ডোবা এখন আর ব্যবহার করছেন না স্থানীয় চাষিরা। দীর্ঘদিন ব্যবহার না করায় অনেক স্থানে এগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে সেই মিষ্টি পানির আধারগুলো আবার খুঁজে বের করার চেষ্টা করছেন কৃষি কর্মকর্তারা। এতে কৃষক উপকৃত হবে। ওই পানির উৎস ঘিরে নতুন জমিকে চাষের আওতায় আনা যাবে। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোছাদ্দেক হোসেন জানান, লবণাক্ত উপকূলে কৃষিকে টিকিয়ে রাখতে কৃষককে বীজ উৎপাদনে উৎসাহ দিতে হবে। লবণ সহিষ্ণু এলাকায় ফসল নিজেই একটা প্রযুক্তি। দাকোপে লবণাক্ত জমিতে তরমুজের চাষ ভালো হয়। কিন্তু তরমুজের বীজের দাম অনেক। এই বীজ কৃষকদের নিজেদেরই তৈরি করতে হবে।
