লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

লাহোরের ভয়াবহ বায়ুদূষণের কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচটি লাহোর থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। সেখানে এখন সিরিজের প্রথম টেস্ট চলছে। ফলে দুই দলের বাকি ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ভয়াবহ ধোঁয়াশা ও বায়ুদূষণই এ সিদ্ধান্তের মূল কারণ।

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ধোঁয়াশার প্রকোপ দেখা যায়। এবার দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল লাহোর। গত এক সপ্তাহে বায়ুমানের সূচকে দিল্লির সঙ্গে শহরটির অবস্থান পাল্টাপাল্টি হয়েছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধোঁয়াশার মধ্যে লাহোরে খেলা হলে সম্প্রচার কার্যক্রমের মান নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন সম্প্রচারকারীরা। বায়ুর মান আরও খারাপ হওয়ায় চলতি সপ্তাহের শুরুতে তাদের দ্বিতীয় টেস্টের জন্য লাহোরে যাওয়ার প্রস্তুতি না নিতেও বলা হয়েছিল। এরপরই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিসিবি।

তবে দ্বিতীয় টেস্টের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই সিদ্ধান্তের ফলে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেটের মৌসুম বাড়ানোর পিসিবির পরিকল্পনাও বাধাগ্রস্ত হলো। দ্বিতীয় টেস্টটি গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলে ২০০৭ সালের পর প্রথমবারের মতো ১ নভেম্বরের পর শহরটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতো।

এর আগেও মৌসুমি বায়ুদূষণের কারণে পাকিস্তানে ক্রিকেট ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ে সাদা বলের সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights