শাকিলা জাফরকে নিয়ে আপ্লুত আসিফ

শোবিজ প্রতিবেদক

সংগীত তারকা শাকিলা জাফর। ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গানে সবাইকে মুগ্ধ করেছেন। এখন গান থেকে রয়েছেন দূরে। তবে এই দূরে থাকলেও মানুষের ভালোবাসা থেকে দূরে সরে যেতে পারেননি। গতকাল ছিল তার জন্মদিন। এ দিনে তাকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে সংগীতের যুবরাজ আসিফ আকবর লিখেন- ‘রামপুরা থেকে মগবাজার বাসা শিফট করে প্রতিবেশী পেয়েছি শ্রদ্ধেয় শাকিলা জাফর আপাকে। ভদ্রমহিলা অসম্ভব মায়াবতী, মুহূর্তের মধ্যে আপন করে নেওয়ার আশ্চর্য ক্ষমতা উনার। শাকিলা আপার রান্না করা খিচুড়ি খুব ফার্স্টক্লাস। এবার দিল্লি গিয়ে আপার বাসায় ছয় বন্ধু মিলে দুপুরের খাবার খেলাম। সবার জন্য গিফট কিনে রেখেছিলেন তিনি। আপার বাসায় ঢুকে সালাম করতেই তিনি আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন, আদর ও দোয়া করলেন। সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করে এসেছেন। হাঁটুতে অপারেশন হয়েছে, এখন কিছুটা সুস্থ আছেন। গানের বাইরে শাকিলা আপা বিশাল মনের মানুষ। গান নিয়ে কথোপকথন উল্লেখ করতে চাই না। তিনি আমার পরিবারকে স্নেহ করেন। ব্যবহারের দিক থেকে ইন্ডাস্ট্রিতে অনন্য এক উদাহরণ তিনি। আজ শাকিলা আপার জন্মদিন। শুভ জন্মদিন আপা। আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসা অবিরাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights