শাজাহানপুরে ঘর থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়া অফিস
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাঁর মেয়ে ঘরে বাবার মরদেহ দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই থাকতেন। কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
জুথি আক্তারের দাবি, অসুস্থতার কারণে তার বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন। তবে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি নিজেই গলায় আঘাত করে থাকতে পারেন। আবার অন্য কেউ তাঁকে আঘাত করে থাকতে পারে বলেও তাদের ধারণা। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
