শিশু মাহিদার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিশু মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। এ সময় বক্তব্য দেন সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসেন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব শিমুল চৌধুরী, সজল চৌধুরী, যুবায়ের আহমদ, সাঈদ আব্দুল্লাহ হিমু, সুলতান নাঈমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং মাহিদার ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
