শ্রমিকের কষ্টের ওপরে দাঁড়ানো অর্থনীতি টেকসই হতে পারে না : চরমোনাই পীর

অনলাইন প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, উৎপাদনের প্রধান শক্তি হলো শ্রমিক। শ্রমিকের শ্রম ও ঘামেই পণ্য তৈরি হয়। সেই শ্রমিকের বেদনা ও কষ্টের ওপরে দাঁড়ানো কোনো অর্থনীতি টেকসই হতে পারে না।

রবিবার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গাজীপুর জেলা শাখার আয়োজনে চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ‌‌‘গাজীপুর ওলামা সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মাওলানা গাজী আল মাহমুদ।

চরমোনাই পীর বলেন, আধুনিক অর্থনীতির হিসাবেও শ্রমিক শ্রেণিকে নিষ্পেষণ করলে তাদের ক্রয়-ক্ষমতা কমে যায়, সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে। আর ইসলাম তো শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর আগেই তার মূল্য পরিশোধ করার কথা বলে, মালিকের সমমানের জীবন-যাপন করার মতো পারিশ্রমিক দেওয়ার কথা বলে। কারণ যাদের কষ্ট ও শ্রমে অর্থ তৈরি হয় তাদের জুলুম করলে জুলুমের ওপরে কোনো অর্থনীতি দাঁড় হয় না। তাই সরকারকে বলবো, পোশাক খাতের শ্রমিকদের নিম্নমজুরি নির্ধারণে ইনসাফের প্রতি লক্ষ রাখুন ও মানসম্মত জীবন ধারণ করার মতো মজুরি নির্ধারণ করুন।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকরা যে বেতন-ভাতা পান, তা দিয়ে মানবেতর জীবন-যাপন করতে তারা বাধ্য হচ্ছেন। দুই মাসেও মাছ-গোস্ত খেতে পারছেন না। কেউ কেউ মাছ-গোস্তের গন্ধও ভুলে গেছেন বলে গণমাধ্যমে জানাচ্ছেন। অথচ তাদের শ্রমের ওপরে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সরকারকে বলবো, কেবল ব্যবসার কথা ও মালিকপক্ষের কথা চিন্তা না করে এই খেটে-খাওয়া মানুষদের কথাও বিবেচনা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, পুঁজিবাদী অর্থনীতিতে আদতে শ্রমিক ও সাধারণ মানুষের মুক্তি নাই। মানুষের মুক্তির জন্য একমাত্র সমাধান হলো ইসলাম। আমরা ইসলামকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, সংগ্রাম করছি। সমাজ সংস্কারে উলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights