১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির
অনলাইন ডেস্ক
১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক রাশেদ মিজানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে নেয়া সবশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। সার্বিক বিষয় বিবেচনা করে কমিটি এই নিবন্ধনধারীদের অবিলম্বে নির্বাহী আদেশে নিয়োগের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারসহ বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য স্থায়ী কমিটিকে জানায় এনটিআরসিএ। সংস্থাটি জানায়, চলমান এসব নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে।
বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সার্বিক কার্যক্রম এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ছাড়াও বৈঠকে অংশ নেন তাহসিনা রুশদীর, সেলিমুজ্জামান মোল্যা, জাহান্দার আলী মিঞা, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অধিদফতরের প্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
