সংঘর্ষের পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সংঘর্ষ, উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন পাল্টাপাল্টি ও বিক্ষোভ কর্মসূচির পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই মঞ্চে ছাত্রদল-শিবির। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেওয়ায় সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সকালে বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়ক ও আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। গত সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসের পরিস্থিতি ছিল উত্তপ্ত। জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের একই মঞ্চে দেখা যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, জুলাই যেমন আমাদের ঐক্যবদ্ধ করেছিল সেই ঐক্যবদ্ধভাবেই নতুন বাংলাদেশে গড়তে হবে।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, আমরা চাই ক্যাম্পাস সহাবস্থানে থাকুক, স্থিতিশীল পরিবেশে থাকুক।

এসময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আমরা আশা করি, আর যেন কোনো স্বৈরাচার কিংবা আওয়ামী লীগ না আসতে পারে। সেজন্য তারুণ্যের অহংকার তরুণরা যেভাবে একত্র হয়ে কাজ করেছে এখনও তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেটা আজকেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights