‘সারা দেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে’

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, সারাদেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে। যেখানে একটি প্রেসক্লাব আছে সেগুলো আগে আনা হবে। আর যেখানে বেশি আছে সেগুলো পরে চিন্তা করা হবে। প্রেসক্লাব বেশি থাকলে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

শনিবার (২৮ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সমাবেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব ভূঁইয়া বলেন, আমরা জেনে শুনেই বিষপান করার মত এই পেশায় এসেছি। রাজনৈতিকভাবে আমাদের সুযোগ দিলে আমরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবো। পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই। সারা পৃথিবীতে সাংবাদিকতা পেশা ঝুকিপূর্ণ কিন্তু আমাদের দেশে একটু বেশি ঝুঁকিপূর্ণ। আমি আবারো বলতে চাই, সাংবাদিকতা মানে মানুষের সেবা করা। এটি একটি মহান পেশা। আমাদের মধ্যে বলিষ্ঠ নেতৃত্ব নেই, এটি চাঁদপুর থেকে শুরু হোক।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাংবাদিক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, প্রেসক্লাব কার্যকরী সদস্য এড. শাহজাহান মিয়া, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সুজন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন, জেলা তথ্য অফিসার তপন বেপারী, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, কলামিস্ট ফোরামের সদস্য সচিব মীর আব্দুল আলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights