‘সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল’

অনলাইন ডেস্ক

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে।

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। এর আগে একনেকের সভায় অংশ নেন তিনি।

নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন— ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান।

নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে সে বিষয়ে সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসাব-নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই।

দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights