সোমেশ্বরী নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু তোলার নৌকা ডুবে নিখোঁজের একদিন পর ঘটনাস্থলেই ভেসে উঠলো শ্রমিকের মরদেহ। নিখোঁজ হওয়া শামীম মিয়া (২০) বালু শ্রমিকের কাজ করতেন ওই নৌকায়। তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রবিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালীতে (১নং বালু ঘাট হিসেবে পরিচিত) দুই নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে নিখোঁজের একদিন পর সোমবার বিকেলে ওই স্থানে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নৌকায় থাকা ৮ জন শ্রমিক প্রতিদিনের ন্যায় বালু তুলে নৌকা নিয়ে ঘাটে ফিরে আসেন। ওইদিন আসার পথে অপর একটি নৌকার সাথে মুখোমুখি ধাক্কা লাগলে তাদের বালু বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে নৌকায় থাকা ৭ শ্রমিক সাঁতরে পারে উঠলেও শামীম নামের একজন নিখোঁজ রয়ে যান। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পযন্ত নদী অংশে খোঁজাখুজির করেও সন্ধান না মেলায় বন্ধ থাকে উদ্ধার কাজ। সোমবার সকাল থেকেই পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল।
বিকালে খোঁজাখুজির এক পর্যায়ে দুর্ঘটনা কবলিত নৌকার পাশেই শামীমের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিখোঁজ শামীমের মরদেহ ভেসে উঠেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
