ফেসবুকে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার ধুনটে ফেসবুকে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ায় স্বামী আনন্দ বাদ্যকর (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার বিকেলে ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার স্বামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনন্দ বাদ্যকর ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।
জানা গেছে, আনন্দ বাদ্যকরের সঙ্গে গত ৮ বছর আগে সনাতন ধর্ম অনুযায়ি কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ের (২৬) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৫ বছর ও ৩ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ২৫ দিন আগে পারিবারিক কলহের কারণে মেয়েটি তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে বসবাস করছে। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারি আনন্দ বাদ্যকর তার ফেসবুক আইডির ষ্টোরিতে স্ত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়। পরবর্তীতে মেয়েটি ও পরিবারের লোকজন ভিডিওটি দেখতে পায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, মেয়েটি তার স্বামীর বিরুদ্ধে ফেসবুকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
